আজ ঢাকার যেসব স্থানে অবরোধ কর্মসূচি, তীব্র যানজটের আশঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন ব্যানারে আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বুধবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শিক্ষার্থী নাঈম হাওলাদার কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পরিমার্জিত খসড়াটি অনুমোদন করে দ্রুত রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।

আরও পড়ুন: রাজধানীজুড়ে ঈদুল আজহার উৎসব, কোরবানিতে ব্যস্ত নগরবাসী

এর আগে বুধবার একই দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দীর্ঘ সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১২টায় তাঁতীবাজার মোড়, দুপুর সাড়ে ১২টায় টেকনিক্যাল মোড় এবং দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়।

এছাড়া তিতুমীর কলেজের একাংশ শিক্ষার্থী স্বল্প সময়ের জন্য মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন। এসব কর্মসূচির ফলে সংশ্লিষ্ট সড়কসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ চালকেরা। বিকেল ৫টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, ও কর্তৃপক্ষের নিদারুণ অবহেলা

আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে খসড়াটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাম্প্রতিক খসড়া অনুযায়ী, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম পরিচালনার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এতে প্রকৃত স্বায়ত্তশাসিত কাঠামোর প্রতিফলন নেই।

২০১৭ সালে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই ঢাকা কলেজের সঙ্গে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই সেশনজট ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

দীর্ঘদিনের ভোগান্তির অবসানে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকের উপদেষ্টা পরিষদের সভা থেকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।