একাধিক কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ সাইফুল হকের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, তার নির্বাচনী এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থিত রাজধানী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, ও কর্তৃপক্ষের নিদারুণ অবহেলা

ঢাকা–১২ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত বিএনপি নেতা) সাইফুল আলম নীরব, কোদাল প্রতীকের সাইফুল হক এবং দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী সাইফুল আলম খান মিলনের মধ্যে।

ভোট দেওয়ার পর সকাল ৯টার দিকে সাইফুল হক বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এ জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

তবে নিজ কেন্দ্রে ভোটগ্রহণের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, তিনি যে বুথে ভোট দিয়েছেন, সেখানে সকাল থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে ৩০টি ভোট পড়েছে, যা তার মতে ধীরগতির।

সাইফুল হক বলেন, সামগ্রিকভাবে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেলেও বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। তার ভাষ্য, কিছু কেন্দ্রে আগের দিন থেকেই কেন্দ্রের বাইরে মহড়া চলছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার এজেন্টদের অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমি দেখতে চাই নির্বাচনটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও এক ধরনের চাপা উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।