ঢাকায় বিমানবন্দর এলাকায় প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ দালাল, ভবঘুরে গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত কমিয়ে প্রবাসী ও সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সসংলগ্ন স্থান, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৮২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার
এদিকে আটক হওয়া শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা’র মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





