৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফার, উদ্বোধনের দিনেই শোরুমে হামলা-লুটপাট
রাজধানীর মিরপুরের পল্লবীতে উদ্বোধনের দিনেই একটি শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ‘লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেট’ নামের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ৩ হাজার টাকার ‘ফ্রি শপিং’ অফারকে কেন্দ্র করে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেখানে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল ৩টায় পল্লবী মেট্রো স্টেশনের পাশে শোরুমটির উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ‘লাইভ শপিং’ নামের একটি ফেসবুক পেজে ব্যাপক প্রচার চালানো হয়। প্রচারিত পোস্টার অনুযায়ী, অফার ছিল—‘২টা গোল পোস্টে শট নিন, একটা গোল করলেই ৩ হাজার টাকার শপিং একেবারে ফ্রি।’
আরও পড়ুন: লালবাগে পাওনা টাকা চাওয়ায় হত্যা, বালিচাপা অর্ধগলিত মরদেহ উদ্ধার
আকর্ষণীয় এই অফারকে কেন্দ্র করে উদ্বোধনের আগেই শোরুমের সামনে বিপুলসংখ্যক ক্রেতার সমাগম ঘটে। শুরুতে গেম ও অফারকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, কিছু উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি সাধারণ ক্রেতাদের ভিড়ে মিশে শোরুমে প্রবেশ করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে ভাঙচুর শুরু করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন: মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
পরিস্থিতি সামাল দিতে ‘লাইভ শপিং’ পেজ থেকে জরুরি সহায়তা চেয়ে একটি পোস্টও দেওয়া হয়। এ সময় পুলিশকে ফোন করে সহায়তা চাওয়া হয়েছিল বলেও দাবি করেছে শোরুম কর্তৃপক্ষ।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শোরুমে ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। পরে একই পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।
ক্রেতাদের আকৃষ্ট করতে নেওয়া অভিনব এই মার্কেটিং কৌশল শেষ পর্যন্ত শোরুমটির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে ঘটনায় শোরুমটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, জনসমাগমপূর্ণ এলাকায় এমন আকর্ষণীয় অফার দেওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে শোরুম কর্তৃপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।





