এ বছর সাড়ে ১৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার
চলতি বছর বোরো মৌসুমে ৪ টাকা বেশি দরে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন চাল কিনবে সরকার।
বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস
তিনি বলেন, কেজিপ্রতি বোরো ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি।আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
প্রসঙ্গত, গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কেনে সরকার।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ধারাবাহিকভাবে বন্যা অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সার, চাল আমদানি করে মোটামুটি আমরা স্থিতিশীল ছিলাম। ফলে গতবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আমাদের পরিপূর্ণ হয়েছে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, ধান-চালের পরিমাণ নির্ধারণ করা হলেও গম কতটুকু সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যতটুকু পাওয়া যাবে ততটুকুই সংগ্রহ করা হবে।
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে আশা করছি তার থেকে বেশি উৎপাদন হবে। আগামীকাল সুনামগঞ্জে ধান কাটার উৎসবে যাচ্ছি।





