ইবিতে র্যাগিংয়ের ঘটনায় ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে সতর্কীকরণসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন বিধিনিষেধ
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুইজনকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সানি নেহালী (২৪-২৫ বর্ষ) ও সানাউল (২৪-২৫)। এক বছর করে বহিষ্কার হয়েছেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান (২৫-২৬)।
অন্যদিকে, লোক প্রশাসন বিভাগের ৫ জনকে আজীবন বহিষ্কারসহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজীবন বহিষ্কৃত পাঁচজন হলেন—আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত।
আরও পড়ুন: কুবিতে রাজনীতির সামনের দরজা বন্ধ, খোলা পেছনের দরজা
এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এ ছাড়া চারজন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তাঁরা হলেন তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে উপাচার্য বলতে পারবেন।





