ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীদের সুখবর দিলো সরকার
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের জন্য উপবৃত্তির সুযোগ আরও বিস্তৃত করছে সরকার। এখন থেকে সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আনা হবে। এ ক্ষেত্রে ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
নির্দেশনা অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যেসব ছাত্রী এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের অথবা তাদের অভিভাবকদের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
আরও পড়ুন: নোবিপ্রবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উপবৃত্তির অর্থ জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করা যাবে।
উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্যে যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।
বাবা অথবা মায়ের নামে আগে থেকেই কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করা যাবে। নতুন হিসাব খুললেও সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
অন্যদিকে, বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাঁর নাম উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পেতে বিশেষ শর্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে উপবৃত্তির টাকা নিতে পারবে।
এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির নামে মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে। অর্থাৎ, বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে সেই বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই তাঁর নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। এ নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ না থাকলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
নির্দেশনায় স্কুল ব্যাংকিং হিসাবের বয়সসংক্রান্ত বিষয়টিও উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীর নামেই এ হিসাব খুলতে হবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত, পাশাপাশি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হতে পারবে।
এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাঁদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানো এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।





