শেষ হলো গুচ্ছের ভর্তি পরীক্ষা
দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা। 'সি' ইউনিটে মোট ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
গুচ্ছ সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা
এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসেন। এই ইউনিটে আবেদন করেন ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী।
আজকের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও এর আওতায় থাকা উপকেন্দ্রগুলোতে (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল) ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫১৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
কেন্দ্রের ভেতরে পরিক্ষার্থীদের পানি সরবরাহ, হল চিনিয়ে দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট, বিএনসিসি।
নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম জানান, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





