ঢাবির অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকাল, উপাচার্যের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস আর নেই। তিনি গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাতে ইন্তেকাল করেন।
আরও পড়ুন: খেলাধুলা-শিক্ষায় দেশসেরার স্বপ্ন বুনছে সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ
অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস অনন্য অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে





