ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি, দ্বিতীয় দিনে টিকা নিলেন প্রায় ১০০০ শিক্ষার্থী

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৬ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ছাত্রীদের জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে হলপর্যায়ে সহজলভ্য করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কার্যক্রমে দুই হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় এক হাজার ছাত্রী বিভিন্ন প্রয়োজনীয় টিকা গ্রহণ করেন।

আরও পড়ুন: নির্বাচনী পলিসি ডিবেট আয়োজনের উদ্যোগ, দুই শীর্ষ নেতাকে আমন্ত্রণ ডাকসুর

ডাকসু সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি (HPV) টিকা এবং টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হয়। উল্লেখ্য, এসব টিকা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গ্রহণ করতে সাধারণত ২,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

টিকাদান কার্যক্রম সম্পর্কে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এই বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব, সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও সাড়া দেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। পাঁচটি হলের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করে আরও শিক্ষার্থীদের জন্য টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সাবিকুন্নাহার তামান্না জানান, প্রয়োজনীয় কিছু টিকা সবার জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি হলেও উচ্চ ব্যয়ের কারণে অনেক শিক্ষার্থী তা নিতে পারেন না। সে বিষয়টি বিবেচনায় রেখে সিটি কর্পোরেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা নিশ্চিত করছে ডাকসু। পর্যায়ক্রমে মেয়েদের সব হলে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি ডা. ফারিয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাহিত্য সম্পাদক সুমাইয়া ইসলাম লুবনা, পাঠকক্ষ সম্পাদক মাহফিদা আক্তার শ্রাবন্তী, সাংস্কৃতিক সম্পাদক নাঈমা আক্তার, কার্যনির্বাহী সদস্য ইসরাত জাহান সামিয়া ও মুহসিনা বিনতে কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের এজিএস রুপা আক্তারসহ অন্যান্য প্রতিনিধিরা।