পরিবেশ গবেষণায় অবদানের স্বীকৃতি: জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন ২০২৬ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে পরিবেশ গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
আরও পড়ুন: সমুদ্র গবেষণায় নতুন যুগ: চবিতে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশনের উদ্বোধন
অধ্যাপক ড. আবদুস সালাম দীর্ঘদিন ধরে পরিবেশ, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা করে আসছেন। তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি খ্যাতনামা বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় নীতিনির্ধারণী পর্যায়েও তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
এই সম্মাননা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অধ্যাপক ড. আবদুস সালামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “অধ্যাপক ড. আবদুস সালামের এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।”
আরও পড়ুন: লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ
উপাচার্য আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অধ্যাপক ড. আবদুস সালামের গবেষণা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
জাতীয় পরিবেশ পদক প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।





