বন্যা পরিস্থিতিতে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
মাহদী আমিন বলেন, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। দুর্গত এলাকার পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বোর্ডের আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার নতুন সময়সূচি সম্পর্কে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরবর্তী সময়ে পৃথকভাবে জানাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





