চাঁবিপ্রবি উপ-উপাচার্য হলেন জবি অধ্যাপক লোকমান হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। এ ছাড়া বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আরও পড়ুন: ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন বলেন, “আমি ইতোমধ্যে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যেহেতু এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়, তাই স্থায়ী ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীর অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আশা করি, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), স্থানীয় সাংসদ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একটি সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলব।”
অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিলের প্রথম পর্ব সম্পন্ন করেন। এরপর চায়না স্কলারশিপ কাউন্সিলের (CSC) বৃত্তির আওতায় চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার ডক্টরাল গবেষণার বিষয় ছিল জৈব সংশ্লেষণ, বিশেষ করে ডায়াজো রসায়ন। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড’ লাভ করেন। পিএইচডি সম্পন্নের পর ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দূষণ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ নিয়ে স্বাধীন গবেষণা শুরু করেন। বর্তমানে জৈব দূষক ও পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে গবেষণা করছেন।





