নতুন সিনেমায় শরিফুল রাজ
‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা শরিফুল রাজ এখন নির্মাতাদের পছন্দের অভিনেতাদের একজন। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে আলোচনায় আসা এই অভিনেতার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় এবার যুক্ত হলো নতুন একটি চলচ্চিত্র।
সিনেমাটি নির্মাণ করবেন সৈয়দ শাকিল। ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম নির্মাণের পর এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি। তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা। চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশের মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। তবে সিনেমার নাম ও অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সিনেমাটির গল্প প্রসঙ্গে সৈয়দ শাকিল জানান, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি আবেগঘন সামাজিক গল্প পর্দায় তুলে ধরতে চান তিনি। একসময় বাংলাদেশের দর্শকেরা পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে সিনেমা দেখতেন। সেই ধারার সামাজিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।
আরও পড়ুন: তন্ত্র, প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে আসছে ‘ডাকিনী বিদ্যা’
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে পারে এটি।
এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত আরও একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ পরিচালনায় নির্মিত ‘কালাভুনা প্যারাডক্স’ সিনেমাটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এতে রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।





