আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:০১ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টার পর থেকে মোবাইল ফোনে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন: এসএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মোবাইল ফোনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৬>এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে। এজন্য প্রয়োজনীয় তথ্যের সঙ্গে রোল নম্বর দিতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

রেওয়াজ অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিল। তবে অনিবার্য কারণে ওই সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরে নতুন তারিখ হিসেবে ১০ আগস্ট নির্ধারণ করা হয়।