আজ থেকে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.২৬%

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

আবেদন ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। একজন শিক্ষার্থী একটি আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয়ের জন্যও নতুন করে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আরও পড়ুন: ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি

তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

ফি একবার পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে হবে। এরপর ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে মোট ফির পরিমাণ দেখা যাবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে জানা যাবে।

ফি পরিশোধ সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার বলে জানা গেছে।

ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হওয়া পুনর্নিরীক্ষণের আবেদন তাদের ফলাফলে কোনো পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, তা যাচাইয়ের একটি প্রক্রিয়া হিসেবে কাজ করবে।