বদলাচ্ছে পোস্টাল ব্যালটের ডিজাইন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ও তাঁদের প্রতীক রাখা হবে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রতিনিধি দলটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, পোস্টাল ব্যালট যেন সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয় এবং সেখানে কেবল সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক রাখা হয়।

আরও পড়ুন: জুলাইয়ে প্রথম ধাপে ২০৪ ইউপিতে ভোটের প্রস্তুতি সরকারের

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার পোস্টাল ব্যালট ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোটের প্রক্রিয়াকে জটিল না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটারদের জন্য ভোটদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালট দ্রুতই চূড়ান্ত করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।

আরও পড়ুন: রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম ও যুগ্ম সম্পাদক লিংকন