কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, মোতায়েন ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তা সদস্য

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্স ও অন্যান্য নির্বাচনসামগ্রী পৌঁছে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আর ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যার মধ্যে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে ভোট দেবেন। সাদা ব্যালট পেপারটি হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত।

আরও পড়ুন: ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে ইসি

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে—কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল দল এবং স্ট্রাইকিং ফোর্স। তার ভাষায়, “যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারও নেই। কোথাও বিচ্ছিন্নভাবে অপরাধ ঘটতে পারে, ডাকাতি বা হত্যাকাণ্ড হতে পারে। কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।”

আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি

তবে তিনি জানান, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন আশা করছে, কঠোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।