আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা বিবেচনা করবে ইসি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১১ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনে অভিযোগ জমা দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি জানান, আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট: মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়ন বৈধ

জোটের পক্ষ থেকে তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগও তোলা হয়। এ প্রসঙ্গে ইসি কমিশনার বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তাড়াহুড়া করেনি; আইন মেনেই নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার দাবি তিনি ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করেন। তবে অভিযোগকারীদের আদালতের শরণাপন্ন হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেন, কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে এবং প্রত্যাশার তুলনায় বেশি সাফল্য অর্জিত হয়েছে।

আরও পড়ুন: পরাজয়ের সমীকরণ জেনেও রাষ্ট্রপতি পদে অলি আহমদের দুই মনোনয়ন

এদিকে, শেরপুর-৩ আসন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেছেন, ৩২টি আসনে কারচুপির মাধ্যমে তাদের প্রার্থীদের পরাজিত করা হয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোর ভোট পুনর্গণনার আবেদনও করা হয়েছে। তবে গেজেট প্রকাশ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পুনর্গণনা সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।