আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক-২০২৬
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ এর জন্য নির্বাচিত গুণীজনদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বছর কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি একুশে পদকে ভূষিত হচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: তামিলনাড়ুতে নতুন সিনেমার জন্য প্রতিদিন ৫টি শোর অনুমতি
আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও এ বছর একুশে পদক পাচ্ছেন- চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ব্যান্ড সংগীতে ওয়ারফেইজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তরের মাধ্যমে একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবরের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসকদের মাধ্যমে প্রস্তাবিত নাম সংগ্রহ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন: আবারও বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, প্রকাশ্যে ‘লোকে বলে’র ঝলক
বিবরণীতে আরও উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে একুশে পদক ও সম্মাননা চেক তুলে দেওয়া হবে।





