ঢাকায় ৬ বড় কনসার্ট, ফিরছে সংগীতের উৎসব

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময় বর্ষা মৌসুম এলেই রাজধানীতে কনসার্ট আয়োজন অনেকটাই কমে যেত। তবে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। গত দুই বছর বিভিন্ন কারণে সংগীত আয়োজন কিছুটা স্থবির থাকলেও এবার আবারও প্রাণ ফিরে পাচ্ছে ঢাকার কনসার্ট অঙ্গন। ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ছয়টি বড় সংগীতানুষ্ঠান, যেখানে অংশ নেবেন দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীরা।

আজই মঞ্চে আতিফ আসলাম

আরও পড়ুন: ভারতে শিক্ষার্থী আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান

দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ৩০০ ফিটসংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই কনসার্টে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম-এর পাশাপাশি পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

মূলত গত বছরের ১৩ ডিসেম্বর এই আয়োজন হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লির শিক্ষার্থী আন্দোলনে মুখ খুললেন একাধিক তারকা

রুনা লায়লার সম্মাননা ও বিশেষ একক পরিবেশনা

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়া হবে। সম্মাননা গ্রহণের পর তিনি দর্শকদের জন্য নিজের পছন্দের ১০টি গান পরিবেশন করবেন।

এবারই প্রথম সাধারণ দর্শক টিকিট কিনে এই অনুষ্ঠান উপভোগের সুযোগ পাচ্ছেন। টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। আয়োজকদের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রির অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যাদুর্গতদের সহায়তায় দেওয়া হবে।

‘মেলোডি মোজাইক’-এ তরুণ শিল্পীরা

আগামী ৩০ জুলাই তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘মেলোডি মোজাইক’। সন্ধ্যা সাড়ে ৭টার এই আয়োজনে গান পরিবেশন করবেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। ‘মোজি অ্যান্ড কোং’ প্ল্যাটফর্মে জনপ্রিয় হওয়া এই জুটির কনসার্টের টিকিটের মূল্য ২ হাজার টাকা।

৩১ জুলাই দুই ভিন্নধর্মী ট্রিবিউট কনসার্ট

৩১ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ ট্রিবিউট কনসার্ট।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’। ওয়ারফেজের আয়োজনে অনুষ্ঠানের টিকিটের মূল্য ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।

একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’, যা উৎসর্গ করা হয়েছে জনপ্রিয় গায়ক-গীতিকার অঞ্জন দত্তকে। এতে জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র অঞ্জন দত্তের জনপ্রিয় গান এবং নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন। এই কনসার্টের টিকিটের মূল্য ৭০০ টাকা, আর স্পট টিকিটের দাম ১ হাজার টাকা।

অনুপম রায়ের প্রতীক্ষিত প্রত্যাবর্তন

আগের জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

মূলত ২৬ জুন এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। নতুন তারিখ ঘোষণা করা হলেও টিকিটের মূল্য এখনো প্রকাশ করেননি আয়োজকেরা।

বর্ষার মৌসুমে টানা এক সপ্তাহে এমন ধারাবাহিক কনসার্ট আয়োজন রাজধানীর সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দেশি-বিদেশি তারকাদের অংশগ্রহণে ঢাকার কনসার্ট সংস্কৃতি আবারও প্রাণ ফিরে পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।