ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮৫
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯২৮
চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৩৭ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩৬ হাজার ২৬ জন। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর প্রাদুর্ভাব বাড়ে। তাই প্রতিরোধে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।





