দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪ হাজার ছাড়াল
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয় শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১০৭
প্রতিবেদন অনুযায়ী, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকায় ছিল। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭০ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৩৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে প্রাণ গেল ৭১৬ জনের
এছাড়া ১৫ মার্চ থেকে দেশে মোট ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ হাজার ১৬০ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৯৬৮ শিশু।
একই সময়ে দেশে ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।





