সংবাদ সম্মেলনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ড্যাবের

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, হামলার ঘটনায় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:১২ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতৃবৃন্দ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

সংবাদ সম্মেলনে ড্যাব নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকরা প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ কর্মস্থলে চিকিৎসকদের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও দাবি জানান ড্যাব নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।