বায়ুদূষণ: পাকিস্তানের লাহোরে জরুরি অবস্থা জারি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব। পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশের রাজধানী লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব জেলাগুলোতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) পরিস্থিতি বিবেচনায় সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চার দিন করা হয়েছে। 

পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাবপ্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেস রোববার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও শনিবারও বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতির উন্নত হওয়া না পর্যন্ত পাকিস্তান সরকার লাহোর ছাড়াও গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। 

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে সতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানোসহ অন্যান্য যেসব কারণে বায়ুদূষণ হচ্ছে তা খতিয়ে দেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

খবরে বলা হয়েছে, লাহোরের বাতাসে বাতাসের গুণমান সূচক এয়ার ইনডেক্সের মাত্রা ৪০০-তে পৌঁছেছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে লাহোর।

স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থ ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে লাহোরে প্রবেশ করেছে, যেখানে কৃষকরা প্রতি বছর নভেম্বরের শুরুতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন।