রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা অঞ্চল ও বাশকোরতোস্তানে আরও দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ইরানে বিষাক্ত মদপানে ২০ জনের বেশি মৃত্যু, অসুস্থ পাঁচ শতাধিক

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণ কেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোরতোস্তানের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও আঘাত হানা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। শনিবার ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্লিচকো তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেন, হামলার কারণে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কোটা

এর আগে শনিবার বিমান হামলার সতর্কতার মধ্যে কিয়েভে বিস্ফোরণ ও ড্রোন হামলার শব্দ শোনা যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা নিশ্চিত করেছে। এ ছাড়া কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও আঘাত হানার দাবি করেছে মন্ত্রণালয়টি।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি প্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ। এ ছাড়া কিয়েভে এক নারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার দখল করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নার্স ও একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রুশ-নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আহতদের মধ্যে সম্মুখসারির হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন।

জাপোরিঝঝিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের একটি, যেটিকে মস্কো আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। তবে অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রাশিয়া। জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ শনিবার জানান, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৭০০টির বেশি রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই তাদের বাহিনী ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে ভূপাতিত ড্রোনের অন্যতম সর্বোচ্চ সংখ্যা এটি। তবে ইউক্রেন মোট কতটি ড্রোন পাঠিয়েছিল কিংবা কতটি লক্ষ্যবস্তুতে পৌঁছেছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আট ঘণ্টায় রাজধানীর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে বৃহত্তর মস্কো অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন এগিয়ে এসেছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে।

যুদ্ধ শুরুর পঞ্চম বার্ষিকী ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের হামলা আরও নিয়মিত ও বহুমুখী হয়ে উঠেছে। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। বন্দি বিনিময় ছাড়া উল্লেখযোগ্য কোনো চুক্তি হয়নি।


সূত্র: আলজাজিরা