হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৯

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে, আর বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর তিন রোগের ঝুঁকিতে বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জনের।

বুলেটিনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭ জন। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০২ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।