মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণে নিহত ১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সংঘর্ষের সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়। এতে সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা এবং আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। একপর্যায়ে সংঘাত আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এসআরবি কর্মকর্তার পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

এর আগে গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। ওই ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘাতের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।