এসআরবি কর্মকর্তার পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে এবার গ্রেপ্তার হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। এর আগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালী থেকে ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অন্যদিকে, রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

আরও পড়ুন: রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

ডিবি সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত রয়েছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়েছে।

দুই কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় কৃষক লীগ কর্মী নিহত

তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলার রিকুইজিশন ছিল। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, রাকিবুল হাসানকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি।