চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি, প্রভাব পড়ছে জনজীবনে। শীতের আগমনে একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন শিশু ও বয়স্করা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে কফি ও কাজু বাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি

তিনি ঢাকা পোস্টকে জানান, তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।

শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁরা চিকিৎসা নিতে আসছেন।

আরও পড়ুন: বগুড়া নন্দীগ্রামে বিএনপি অফিসে আগুন

এদিকে শীতের আগমনে নতুন কর্মব্যস্ততা শুরু হয়েছে মৌসুমি খেজুর গাছিদের। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছে নল বসানোর কাজ শুরু করেছেন তাঁরা। গাছিদের আশা, কয়েক দিনের মধ্যেই বাজারে মিলবে টাটকা খেজুরের রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ গাছি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ থেকে রস সংগ্রহ তাঁদের পারিবারিক পেশা। তাঁর বাবা ও দাদারাও এ কাজ করতেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে বলে আশা করছেন তিনি। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন এলাকায় এবং দেশের বাইরেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তবে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরের ঠান্ডা উপেক্ষা করেই রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাঁদের। কিন্তু শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি শুরু হয়। রাস্তায় আগের তুলনায় যাত্রীও কম পাওয়া যাচ্ছে। তারপরও জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে।

দিনমজুর রফিকুল ইসলাম জানান, শীত বাড়লে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পরই মাঠে কাজ করার সুযোগ মেলে।