প্রশাসনিক দায়িত্ব মানেই রাজনৈতিক আদর্শে একাত্মতা নয়: অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া

Shahrier Islam Pallab
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে খণ্ডিতভাবে প্রকাশ করে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবাদ বিজ্ঞপ্তি ও নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ডিন হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন দাপ্তরিক অনুষ্ঠান, নীতিনির্ধারণী সভা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া ছিল তাঁর প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ। এসব অনুষ্ঠানের ছবি প্রকাশ করে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

আরও পড়ুন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ

তিনি জানান, সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ডিনের দায়িত্ব পান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগ জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়, এটি কোনো নির্বাচন কিংবা প্রশাসনের পছন্দ-অপছন্দের বিষয় নয়। দায়িত্ব গ্রহণের সময় উপাচার্য ও ট্রেজারারের শুভেচ্ছা গ্রহণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেওয়াও দায়িত্বেরই অংশ ছিল।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং ১৭ বছর সাদা দলের সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর স্ত্রী একাধিকবার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েও নিয়োগ পাননি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইবিতে অনুমতি ছাড়া নির্মাণাধীন হলের সামনে ব্যানার টাঙানোয় তদন্ত কমিটি গঠন

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে অধ্যাপক মঞ্জুর মুর্শেদ বলেন, তিনি শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে ছিলেন। হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে কয়েকজন সহকর্মীর সঙ্গে ঝুঁকি নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এ কারণে তাঁর পরিবারও হুমকির মুখে পড়েছিল বলে জানান তিনি।

এ ছাড়া এক শিক্ষার্থীর আত্মহত্যার পর আয়োজিত দোয়া মাহফিলে মসজিদে তাঁর উপস্থিতির ছবিও আপত্তিকরভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, শিক্ষক হিসেবে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি ওই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন মানেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতা নয়। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পেশাগত সৌজন্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানো অনৈতিক।

মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত সম্মানহানি ও পরিবারকে বিব্রত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সত্যকে খণ্ডিত ছবি দিয়ে আড়াল করা যায় না।’

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সঙ্গে অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার বিভিন্ন ছবি প্রকাশ করে একাধিক পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্টে ডিন হিসেবে তাঁর দায়িত্ব পালনকালীন কর্মকাণ্ড এবং সাবেক উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে সমালোচনা করা হচ্ছে।