চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

Sadek Ali
চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক। আগুনে ওষুধ, নগদ টাকা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মাঝেরফাঁড়ী বাজারের রেজা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‎ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে বাড়িতে না পেয়ে বড় ভাইকে গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটের ১৫টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ডিসপেনসারি, মুদি দোকান, লন্ড্রি, সেলুন, মুরগির দোকান, ওয়ার্কশপ, ডেকোরেশন ও কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মার্কেটের মালিক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নুরুল আলম রেজা জানান, তাঁর মালিকানাধীন আধাপাকা টিনশেড মার্কেটে ভোরে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তাঁর প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

তিনি জানান, জিয়াবুলের মালিকানাধীন একটি ডিসপেনসারিতে প্রায় ১০ লাখ টাকার ওষুধ পুড়ে গেছে। এ ছাড়া একটি বিকাশের দোকানে থাকা প্রায় সাত লাখ টাকা নগদ পুড়ে নষ্ট হয়েছে।

স্থানীয়দের ধারণা, মার্কেটের ছোটন নামের এক ব্যক্তির ব্যাটারি চার্জের দোকানে থাকা টেঙ্গার মেশিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দিদারুল হক জানান, খবর পেয়ে দুটি ইউনিট ভোর সোয়া ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে এবং প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।