কাশিমপুর কারাফটকে ছেলের লাশ দেখলেন কারাবন্দি মা

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুতানা শর্মির প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) শুক্রবার রাতে মারা যায়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তূর্যের লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ফটকে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বন্দি মাকে সন্তানের লাশ দেখানোর সুযোগ দেওয়া হয়। সেখানেই শেষ বারের মতো ছেলের লাশ দেখেন কারবন্দি মা শর্মি। 

জানা গেছে, শারমিন সুলতানা শর্মি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী।

আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

শাহাদাত হোসেন নিপুন সংবাদিকদের জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানার পুলিশ বাসায় অভিযান চালিয়ে শর্মিকে আটক করে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটকের আগে তার স্ত্রীর বিরুদ্ধে কোনও মামলা ছিল না।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শারমিন সুলতানা প্যারোলে মুক্তির আবেদন করেননি। মৃত সন্তানের লাশ কারা ফটকে শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সকাল সাড়ে ১১টার দিকে লাশবাহি গাড়িতে করে মরদেহ কারাগারে আনা হলে শেষবারের মতো সন্তানের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।  

আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

পারিবারিক সূত্রে জানা গেছে, তূর্য গত শুক্রবার রাতে টয়লেটে যায়। দীর্ঘ দীর্ঘ সময় পরও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।