নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি

Sanchoy Biswas
মোস্তাফিজুর রহমান বিপ্লব
প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৯ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ দলের কথিত কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়াসহ নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সীমান্তের চারপাশে বিজিবি টহল জোরদার করে রাত্রি সার্চলাইট জ্বালিয়ে পালাক্রমে সশস্ত্র টহল দিচ্ছে বিজিবি। পুলিশ এসআরবি, আনসার বাহিনীর পাশাপাশি ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

এছাড়াও রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলের তৎপরতা বন্ধে বিএনপি সমমনা দলগুলো এবং ১১ দলীয় জোট কথিত লকডাউন কর্মসূচি ও ডিসেম্বরজুড়ে সারাদেশে মাঠে থাকার কর্মসূচি দিয়েছে। গোপালগঞ্জ ও পাশ্বর্ বর্তী এলাকায় যে কোনো প্রকার তাণ্ডব ঠেকাতে পুরো এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ সারাদেশে নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিসহ সন্ত্রাসীদের ধরতে মাঠে আছে গোয়েন্দা পুলিশও। 

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

এরইমধ্যে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষে । সীমান্তে যেকোনো অনুপ্রবেশ ও অপরাধ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে (বিজিবি)। শুধু তাই নয়, সীমান্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। মন্ত্রী গতকাল শনিবার সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 

আরও পড়ুন: ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্ত ৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। 

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র ্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু’একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না। 

সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। 

এছাড়া, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যেহেতু পুলিশ সদস্যদের চিকিৎসার মূল অংশ আঘাতজনিত, তাই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিশেষায়িত সেবার (স্পেশালাইজেশন) ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। 

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে ৮ জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ৬ জন গোপালগঞ্জ, ১ জন গাজীপুর সদর এবং ১ জন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন: দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম। 

প্রসঙ্গত, ডিসেম্বর মাসকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত পলাতক নেতাকর্মীদের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সম্ভাব্য চেষ্টা ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তারা ডিসেম্বরে দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। 

তবে যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, পশ্চিমবঙ্গ ও কলকাতার কাছাকাছি যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে। 

এ ছাড়া অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার ও পরিচয় গোপন রাখার ঘোষণা দিয়েছে বিজিবি। ভারতের ত্রিপুরার আগরতলায় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতি ও সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টার গুঞ্জনের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ডিসেম্বরে সম্ভাব্য নাশকতার শঙ্কায় দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা অভিযান চালাচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম, গোপালগঞ্জ (ফরিদপুর ডিবির মাধ্যমে), বগুড়া এবং রাজবাড়ী থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন অভিযোগ করেছেন, পলাতক নেতৃত্ব দেশে লুকিয়ে থাকা কর্মীদের ঝুঁকির মুখে ফেলছে। 

এরআগে পাশ্ববর্তী দেশে আশ্রয় নেয়া কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। এরপর পরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জন। 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিন-রাত পালাক্রমে টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির চলাচল ও যানবাহনের ওপর নজর রাখা হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন এবং প্রয়োজনীয় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। সম্প্রতি বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন। অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সীমান্তের দায়িত্ব পালনে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের অন্ধকার ও দুর্গম এলাকাগুলোতে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত করতে সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে রাতের বেলায়ও সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা সহজ হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় আগে নজরদারি তুলনামূলক কঠিন ছিল, সেসব স্থানে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। 

গত ২২ নভেম্বর আখাউড়া সীমান্ত পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক জানান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তিকে বৈধ প্রক্রিয়া ছাড়া সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে সাতক্ষীরা, যশোর ও ময়মনসিংহ সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল, চব্বিশ ঘণ্টার টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। 

এরইমধ্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও চেয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অপরিচিত ব্যক্তির আনাগোনা, সন্দেহজনক চলাচল কিংবা অবৈধ পারাপারের তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সচেতনতা ও সহযোগিতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিকতা, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি ও প্রটোকল অনুসরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির নাগরিকত্ব বা পরিচয় যাচাই ছাড়া সীমান্ত পারাপার কিংবা কাউকে জোরপূর্বক অন্য দেশে পাঠানোর মতো ঘটনা দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এ ধরনের সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। 

তবে বিশ্লেষকরা বলছেন, শুধু সীমান্তে জনবল বাড়ালেই অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রয়োজন প্রযুক্তিনির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং প্রতিবেশী দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ। এককথায় বলতে গেলে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিজিবির তৎপরতা আরও জোরদার হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে-কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

এছাড়া আরও চার প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা। 

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এরআগে সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিয়েছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। বাংলাদেশ পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামরুল মনিরা বলেন, নাশকতা ঠেকাতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। 

সার্বিকভাবে, ডিসেম্বর মাসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও উৎসবকে সামনে রেখে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়াই এ নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ দায়িত্বশীল, সতর্ক ও দৃঢ় অবস্থানে থাকবে। রাজধানীতে বাস ও পুলিশের 

গাড়িতে আগুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও বোমা উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। মেট্রোরেল স্টেশন থেকে বিভিন্ন স্থাপনা, বাজার থেকে  মিলছে ককটেল, কোথাও ঘটছে আগুনের ঘটনা। এসব ঘটনায় সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা। 

অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। ওসি আরও বলেন, ‘দুর্ব ৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ সিলেটে এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ: সিলেট-৩ আসনের এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্ব ৃত্তরা। 

গত শুক্রবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ৩টার দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এ সময় এমপি মালিক ওই বাসায় ছিলেন। আগুন লাগার বিষয়টি বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্ব ৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। 

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী, কাফরুল ও বনানী এলাকায় পৃথক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্য ঘটনাগুলোতে জড়িত কাউকে আটক করা যায়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ছয়টি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেছিলেন। তবে তাঁকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্ব ৃত্তরা। 

ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা হলেও বাকি ঘটনাগুলোতে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসব বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।