সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির 'মৃত্যু'
রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী আফিক হাসান অভির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রংপুরের দর্শনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি নগরীর পার্ক মোড়ের চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। দুর্ঘটনার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আরও পড়ুন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ
এ বিষয়ে প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে শোকাহত। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা মেনে নেওয়া কঠিন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। কীভাবে তাঁদের সহযোগিতা করা যায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কাজ করছি।’
এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আফিক হাসানের এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন শিক্ষার্থীকে এভাবে হারানো কোনোভাবেই মেনে নেওয়া সহজ নয়।তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের বিভাগের ইতিহাসে এটি একটি অত্যন্ত শোকাবহ ঘটনা হয়ে থাকবে।’
আরও পড়ুন: প্রশাসনিক দায়িত্ব মানেই রাজনৈতিক আদর্শে একাত্মতা নয়: অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া
এদিকে সহপাঠী ও বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বিভাগের শিক্ষার্থীরা। অভির আকস্মিক মৃত্যুতে তাঁদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।





