সিএমএম আদালত ভবনে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
আরও পড়ুন: মিরপুরে যুবলীগ নেতা কাইল্যা তছলিম গ্রেফতার
তিনি জানান, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
পরে এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।





