মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সেনাপ্রধান হচ্ছেন প্রথম নারী, দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মেক্সিকোতে মঙ্গলবার একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।’

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, ব্যারেল ১০৪ ডলার ছাড়ালো

এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনার পর কর্মকর্তাদের যাত্রীবাহী এই বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে।

সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। প্রায়ই উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া উত্তর অমেরিকার এই দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে।