বাংলাদেশীদের ভিসা ব্যবস্থা আরও সহজ হওয়া উচিত: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় দুই দেশের ভিসা ব্যবস্থা আরও সহজ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেছেন, প্রচুর বাংলাদেশি চিকিৎসা এবং লেখাপড়াসহ বিভিন্ন কারণে ভারতে আসেন। ভিসা নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত নয়। 

আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলা একই সঙ্গে ভারতের ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, অন্যদিকে ভিসার প্রক্রিয়া সহজ ও ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। হর্ষবর্ধন শ্রিংলা যা বলেছেন, তা বাস্তব সত্য বলেছেন। বহু কারণে বাংলাদেশিদের ভারতে যেতে হয়। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হওয়া উচিত এবং ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। নতুবা এর জন্য বাংলাদেশিদের ভোগান্তি হয়। আমি আশা করবো ভারত সরকার এ বিষয়ে গুরুত্ব দেবে। আমরাও ভারত সরকারের বিভিন্ন বিষয়ে যাদের সঙ্গে কথা বলি, তাদেরকেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাদের মধ্যে দুই বাংলাদেশি

শ্রিংলা বলেন, দুই দেশে মানুষে মানুষে যোগাযোগ রাখার জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া অত্যন্ত জরুরি। আমি যখন ছিলাম তখন বছরে ৫ লাখ ভিসা থেকে ১৫ লাখে নিয়ে এসেছিলাম। সবশেষ ২০ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। তবে আমি বর্তমানের কথা বলতে পারব না। আমি মনে করি ভিসা নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত না।