জাপানে দুই সপ্তাহে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানে দুই সপ্তাহ ধরে চলা অস্বাভাবিক ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন। তাঁর মরদেহ নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকায় এখনও ৪.৫ মিটার (প্রায় ১৫ ফুট) পর্যন্ত তুষার জমে রয়েছে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে তুষারজনিত দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলেছেন।

দেশের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩০। মূলত জাপান সাগর উপকূলজুড়ে প্রবল শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।

আরও পড়ুন: মার্কিন অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় স্বনির্ভরতার ওপর জোর ইরানের

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, আওমোরির আজিগাসাওয়া এলাকায় ৯১ বছর বয়সি বৃদ্ধা কিনা জিন-এর মরদেহ তুষারের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় তিনি শ্বাসরোধে মারা গেছেন। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে। কর্মকর্তা বলেন, “আবহাওয়া উষ্ণ হলে জমে থাকা তুষার গলে পড়ে। ছাদের নিচে থাকা খুবই ঝুঁকিপূর্ণ।”

সোমবার আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছিলেন, একা বসবাসকারী বয়স্কদের সহায়তা ও তুষার সরানোর জন্য তিনি সামরিক বাহিনীর সাহায্য চেয়েছেন। আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১.৮ মিটার উঁচু তুষার জমে রয়েছে। সড়ক ও বাড়ি থেকে বরফ সরাতে পরিচ্ছন্নতা কর্মীরা হিমশিম খাচ্ছেন। তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ার ফলে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।