হরমুজ প্রণালিতে পরপর তিন জাহাজে হামলা, একটিতে আগুন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো। বুধবার (১১ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়। হামলার ঘটনায় একটি জাহাজে আগুন ধরে গেলে বেশিরভাগ নাবিককে সরিয়ে নিতে হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রে জানা যায়, ওমান উপকূলের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ুরি নারি’ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং প্রয়োজনীয় কিছু ক্রু সদস্য এখনো জাহাজে অবস্থান করছেন।

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন

এর আগে রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি সূত্র জানিয়েছে, জাহাজটির কর্মীরা নিরাপদ আছেন এবং এটি নিরাপদ নোঙরের দিকে অগ্রসর হচ্ছে।

এ ছাড়া দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ারেও হামলার ঘটনা ঘটেছে। ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির সব কর্মী নিরাপদ রয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ পথে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে।

সর্বশেষ হামলার পর সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্তত ১৪টি জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: রয়টার্স