শান্তি আলোচনা ভেস্তে গেলে ইরানে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হলে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন—এমন তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার পাশাপাশি সম্ভাব্য কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের বরাতে জানানো হয়, পরিকল্পনার অংশ হিসেবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি স্থলবাহিনী মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তেহরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করতেই এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমি কাতারে হামলা করেছি, সেখানে বোমা মেরেছি’

সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপ এবং তেল পরিবহন সংক্রান্ত স্থাপনা। একই সঙ্গে হরমুজ প্রণালীর আশপাশে কঠোর নজরদারি ও অবরোধের চিন্তাও করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের কিছু নীতিনির্ধারক মনে করছেন, বড় ধরনের সামরিক চাপ সৃষ্টি করা গেলে তা আলোচনায় সুবিধা এনে দিতে পারে। যদিও হোয়াইট হাউসের ভেতরে অনেকেই স্থল অভিযানকে এখনো চরম পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধবন্ধের চূড়ান্ত প্রক্রিয়া শুরু

এদিকে চলমান সংঘাত ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র করেছে। বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে এই সংকট দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা যেমন হুমকির মুখে পড়বে, তেমনি বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে নজর রয়েছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। আলোচনা সফল হবে, নাকি সংঘাত আরও তীব্র আকার নেবে—তা নির্ভর করছে আগামী কয়েক দিনের সিদ্ধান্তের ওপর।


সূত্র: অ্যাক্সিওস