ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। কোনো ভ্রমণকারী দেশটিতে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন—তা নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
পোস্টে আরও জানানো হয়, ভিসা থাকার পরও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন। তাই ভ্রমণকারীদের সব নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির মাঝেই ইরানে ফের মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, পারমিটের মেয়াদ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়িত হওয়া গুরুতর অপরাধ। যেমন—টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা। এ ধরনের নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
এছাড়া, ভিসার সঠিক ব্যবহার সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে। নিয়ম মেনে অবস্থান ও নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
আরও পড়ুন: ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা
সম্প্রতি ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থান ঠেকাতে কঠোর নজরদারির অংশ হিসেবে দূতাবাস নিয়মিত এমন সচেতনতামূলক বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।





