যুদ্ধবিরতি ঘোষণায় তেহরানে উদযাপন ও উল্লাস

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাতভর চলা উদ্বেগ ও কূটনৈতিক চাপের পর অবশেষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের রাস্তায় উল্লাস-আনন্দ উদযাপন করছেন সাধারণ মানুষ। তারা ইরানি পতাকা এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হওয়ায় যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।

শাহবাজ শরিফ বলেন, “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।”

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

উভয়পক্ষের মধ্যে স্থায়ী চুক্তি আকারে আলোচনার জন্য পাকিস্তান আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠক ডেকেছে। এতে দুই দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

এই ঘোষণার প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক তেলবাজারে পড়তে শুরু করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে তেলের সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসার আশায় দাম কিছুটা কমতে পারে।