ইরানে অভিযান শেষ হয়নি, অনেক কিছু করার বাকি রয়েছে: নেতানিয়াহু
ইরানে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন বেনজামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এখনো অনেক কিছু করার বাকি রয়েছে এবং এ পর্যন্ত অর্জন ‘ঐতিহাসিক’।
শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে বৈঠক চলাকালে এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ইরান: ট্রাম্পের সামনে এখন তিনটি পথ খোলা
হিব্রু ভাষায় দেওয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, তবে কার্যক্রম এখনো শেষ হয়নি।
তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই অভিযান শুরু করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ইরান যদি এ সক্ষমতা অর্জন করত, তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।
আরও পড়ুন: ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল
নেতানিয়াহু আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল, যাতে তা বাইরের হামলার আওতার বাইরে থাকে। এ পরিস্থিতিতে ইসরায়েলের জন্য নিষ্ক্রিয় থাকা সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে উত্তেজনা চলছে। গত ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে টানা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
সর্বশেষ পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সামরিক উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





