ইরানে ‘চূড়ান্ত আঘাত’ হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘চূড়ান্ত আঘাত’ হানার সামরিক বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ব্রিফ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফক্স নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে কুপার ‘স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ’ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রেসিডেন্ট চাইলে দ্রুতই এই সামরিক অভিযান বাস্তবায়ন করা হতে পারে।
আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এছাড়া পেন্টাগন ‘ডার্ক ঈগল’ নামের উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ও বিবেচনা করছে। প্রায় ২ হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্য করতে পারে। পাশাপাশি অঞ্চলটিতে বি-১বি ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র বহনে সক্ষম।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ ড্রোন ভূপাতিত
নতুন হামলায় ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান পুনরায় হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার দুই মাস পরও এই নৌপথ কার্যত বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনো প্রণালিটি চালু করেনি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রয়র্টাস জানিয়েছে, ইরানকে আলোচনায় ফেরাতে নতুন করে সামরিক চাপ তৈরির কৌশল নিয়েই এই ব্রিফিং করা হয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে গেলেও পরে তা কমে প্রায় ১১৪ ডলারে নেমে আসে।





