সংসদীয় কমিটিকে জানাল ভারত সরকার

ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি নেই শেখ হাসিনার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতের সংসদীয় একটি কমিটিকে জানিয়েছে দেশটির সরকার।

শেখ হাসিনা সম্প্রতি চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা জানানোর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

আরও পড়ুন: সৌদির নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো আবেদন ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করছে।

আরও পড়ুন: পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে দেশটির মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির আলোকে।

তবে একই সঙ্গে কমিটি স্পষ্ট করেছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয় না এবং এ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি এ ধরনের বিষয় যথাযথ সংবেদনশীলতার সঙ্গে পরিচালনা করা উচিত।

এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালুর ওপরও গুরুত্বারোপ করেছে কমিটি। তাদের মতে, দীর্ঘদিন সীমিত ভিসা কার্যক্রম দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে। উল্লেখ্য, প্রায় দুই বছর বন্ধ থাকার পর ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করে ভারত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হচ্ছে। তাই নতুন জলপ্রবাহের তথ্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শক্রমে দ্রুত বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকে ভারতের কূটনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস