২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চন্দ্রবর্ষ ও সৌরবর্ষের মধ্যে সময়ের পার্থক্যের কারণে ইংরেজি ক্যালেন্ডারের একই তারিখে প্রতি বছর রমজান শুরু হয় না। হিজরি বা চন্দ্রবর্ষ সৌরবর্ষের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম হওয়ায় প্রতিবছরই রমজান আগের বছরের তুলনায় কিছুটা আগে শুরু হয়।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্তভাবে রোজা শুরুর তারিখ নির্ধারিত হবে রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর।

আরও পড়ুন: সিরিয়ার ইদলিবে গোলাবারুদভর্তি গাড়িতে বিস্ফোরণ, নিহত ৫

হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন। পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।

রমজান মাস ২৯ দিন নাকি ৩০ দিন হবে, সেটিও নির্ভর করবে চাঁদ দেখার ওপর। শাওয়ালের চাঁদ দেখা গেলে ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পাঁচ হাজার মার্কিন সেনা আসছে পাতায়ায়, যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর মানবজাতির পথনির্দেশনার জন্য পবিত্র কুরআন নাজিল হয়।

রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। পাশাপাশি আত্মসংযম, দান-সদকা, ইবাদত-বন্দেগি এবং ধর্মীয় আমলের মাধ্যমে এ মাস অতিবাহিত করেন তারা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদের অবস্থান ও উদয়ের সময় অত্যন্ত নির্ভুলভাবে হিসাব করা সম্ভব হলেও ইসলামি ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখাকেই রোজা ও ঈদ নির্ধারণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রোজা ও ঈদের ঘোষণা দেয়।

রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এরই মধ্যে ধর্মীয় ও সামাজিক প্রস্তুতি শুরু হয়ে গেছে।