যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি ইরান ছাড়েন। তাঁর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন। আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।
পেজেশকিয়ানের এই সফরের সময়সীমা পাঁচ দিন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি। তাঁর ভাষ্য অনুযায়ী, নিউইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান জাতিসংঘের বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
তবে সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ মূল প্রতিনিধিদলের জন্য যুক্তরাষ্ট্র ভিসা অনুমোদন করলেও পেজেশকিয়ানের যোগাযোগ ও গণমাধ্যম দলের কয়েকজন সদস্যকে ভিসা দেওয়া হয়নি বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে এ সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে পেজেশকিয়ানের বক্তব্য বুধবার দেওয়ার কথা রয়েছে। চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক বিরোধ তাঁর বক্তব্যে গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে, যার প্রভাব জ্বালানি ও পণ্য পরিবহনেও পড়ছে।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক মঙ্গলবার শুরু হয়েছে। প্রচলিত সূচি অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথমে বক্তব্য দেন এবং এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন।





