রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি।”
আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।”
এ সময় বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ যারা দুঃসময়ে তাঁদের পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসার বাবা বলেন, “আমার মেয়ে হত্যার যে রায় আদালত দিয়েছেন, আমরা সেটির দ্রুত কার্যকর দেখতে চাই।”
উল্লেখ্য, বহুল আলোচিত এ মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর শিশুটির পরিবার সন্তোষ প্রকাশ করলেও দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে।





