ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য আগামীকাল দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। গত ২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছিল। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

আরও পড়ুন: প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামির সর্বোচ্চ শাস্তিও প্রত্যাশা করেছে প্রসিকিউশন।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ। মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এই মামলার রায়কে ঘিরে আইন ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব তৈরি হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হবে।